১০ বছরেও নির্মিত হয়নি বিধ্বস্ত কাটাখালী ব্রিজ!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০২:১৯
ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও-বালিয়াচন্ডী রাস্তার কাটাখালী খালের ওপর বিধ্বস্ত ব্রিজটি ১০ বছরেও পুনঃনির্মাণ করা হয়নি। ফলে এ পথে যাতায়াতকারী ১৫ গ্রামের শত শত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনাগাও গ্রামের জয়নাল আবদীন, মজনু মিয়া, ফারুক মিয়া ও সোজা উদ্দিনসহ অনেকে জানান, ২০০৭ সালে এলজিইডির এ ব্রিজটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে সময় থেকে ব্রিজের দু’পাশে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের।
 
এ পথে কান্দুলী, বালিয়াচন্ডী, কোচনীপাড়া, জগত্পুর, মালিঝিকান্দা, জড়াকুড়া, পাইকুড়া, দড়িকালীনগর, সারিকালিনগর, সুড়িহাড়া, পাগলারমুখ, সালধা, বেলতৈলসহ প্রায় ১৫টি গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রিজটি পুনঃনির্মাণের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। 
 
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ব্রিজটি পুনঃনির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/নুহু