বয়স্ক প্রতিবন্ধীদের ২৭ ভাগ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০১

জাতীয় পুনর্বাসন সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

দেশে বয়স্ক প্রতিবন্ধিতার হার ৫ শতাংশ হলেও তাদের ২৭ শতাংশ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। যাদের প্রয়োজন পুনর্বাসন সেবা। যা আমাদের দেশে পর্যাপ্ত নয়। এ পরিস্থিতিতে দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পুনর্বাসন সম্মেলন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, হ্যান্ডিকাপ ইণ্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) বাংলাদেশসহ ৭টি সংগঠন গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্ধ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। এবছর সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পুনর্বাসনে সমন্বিত প্রতিবন্ধিতা সেবা’। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ড. নূর মোহাম্মদ প্রমুখ। সম্মেলনে পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। যেখানে পুনর্বাসনের মধ্যে স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে বলে জানানো হয়।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ হামিম হাসান। বক্তব্য রাখেন হ্যান্ডিকাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন-এর কান্ট্রি ডিরেক্টর লীন লাওয়াপ গোর্ট।