সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে আটককৃত ১৬ জন জেলের প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা হয় প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল, তিনটি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ কেজি ইলিশ মাছ। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খান পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান জানান, পদ্মা নদীর শিলাইদহ ইউনিয়ন ও জগন্নাথপুর ইউনিয়ন এলাকা থেকে সরকারি আইন অমান্য করে ইলিশ মাছ শিকারের সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. রিপন হোসেন, মো. শামীম, মো. খলিল হোসেন, আলামিন, মো. আব্দুল গাফফার, মো. শহিদুল ইসলাম, মুন্নাফ শেখ, ইমান মণ্ডল, মো. ছয়েন উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. রইচ উদ্দিন, সাহেব আলী, আব্দুল্লাহ. মো. শফিকুল ইসলাম, আব্দুল খালেক ও আলিফ কাজী।
সরকারি আইন অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের শাধ্যমে ধৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল শিলাইদহ খেয়াঘট এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দৃকত ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় বাহারুল উলুম আদর্শ বালিকা মাদ্রাসায় প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার মো. রোকনুজ্জামান, থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ দাস ও উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
