জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ‘গ্লোবাল ডে অব অ্যাকশন-২০১৮’ উপলক্ষে আয়োজিত ইয়েফ এসডিজি এওয়ারনেস চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়েছে।
ইউএন এসডিজি ক্যাম্পেইনের বাংলাদেশ অ্যাকশন পার্টনার ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম গত শনিবার রাজধানীর এডিএন এডু সার্ভিসেস মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনটিকে উদযাপন করতে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম ‘ইয়েফ এসডিজি এওয়ারনেস চ্যালেঞ্জ’ নামে একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত অলাভজনক সংঘটন এই প্রতিযোগিতায় অংশ নেয়। দেশের নাগরিকদের ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’-নিয়ে সচেতনতা তৈরিতে প্রতিযোগীরা সমাজের প্রতিটি স্তরের নাগরিকদের সঙ্গে তথ্য বিনিময় করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এসডিজি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস চালায়।
অংশগ্রহণকারী প্রত্যেকটি টিম এর গ্রুপ ছবি নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ হাজার ফেসবুক ব্যবহারকারীর কাছে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম “জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা”-গুলোর মর্মকথা পৌঁছে দিতে সক্ষম হয়।
অংশগ্রহণকারীদের আরো জনহিতকর কাজে উদ্বুদ্ধ করতে সকলকে সার্টিফিকেট এবং বিজয়ী তিনটি দলকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করার উদ্যোগ নেয় সংগঠনটি।
প্রতিযোগিতায় ‘ও আর সি এল’, ‘কে এফ আই টি’ এবং ‘অনির্বাণ পাঠাগার’ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার এবং ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম এর প্রতিষ্ঠাতা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কাজী হাসান রবিনসহ আরও অনেকে।
ইত্তেফাক/জেডএইচ
