গাংনীতে বৃদ্ধকে গলাকেটে হত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৮

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মনোরুদ্দীন (৭০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ সন্তানের জনক মনোরুদ্দীন কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার মৃত নিহার ফকিরের ছেলে। তিনি একজন লাঙ্গল তৈরির কারিগর ছিলেন।

মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে মনোরুদ্দীনকে নিজ ঘরের  বারান্দায় গলাকেটে হত্যা করা হয়।

নিহতের বড় ছেলে সিফাতুল ইসলাম জানান, আমি রাতে ঘরের ছাদে শুয়েছিলাম। রাত পৌনে ২টার দিকে বাড়ি থেকে চারজন ব্যক্তি পালিয়ে যাচ্ছিল। এ সময় ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ি। পরে ছাদ থেকে নিচে এসে বাবার গলাকাটা লাশ দেখতে পাই।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীদের শনাক্ত করে অতি দ্রুত আটকের চেষ্টা চলছে।