নরসিংদীর মাধবদীতে দুদিন ধরে ঘিরে রাখা নিলুফা ভিলায় থাকা সন্দেহভাজন দুই নারী জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
আত্মসমর্পণকারীরা হলেন- খাদিজা আক্তার মেঘলা ও মৌ। তারা উভয়ে ২০১৬ সালের হলি আর্টিজান মামলার আসামি। গত বছরের আগস্টে তাদের গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা জামিনে আছেন। তারা বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত ৫ অক্টোবর মাধবদী ও শেখেরচর এলাকার দুটি বাড়ী ভাড়া নেন তারা। খাদিজার স্বামীও নব্য জেএমজির একজন সক্রিয় সদস্য।
বেলা ৩টার দিকে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, দীর্ঘ ৪২ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর নিলুফা ভিলার ভিতরে থাকা নব্য জিএমবির দুই নারী সদস্যকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। আমরা তাদেরকে অক্ষত অবস্থায় বাড়ির ভিতর থেকে বের করে এনে ঢাকায় পাঠিয়েছি। আমরা বাড়ির ভিতরে থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছি। সেগুলো নিষ্কিয় করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার নরসিংদীর শেখের চর এলাকার ভগিরথপুর মহল্লার বিল্লাল মিয়ার বাড়ীতে অপারেশন ‘গার্ডিয়ান নট’ চালানো হয়। ৬ ঘণ্টার অভিযান শেষে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয় এবং ওই সময় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ তাদের পরিচয় সনাক্ত করেছে। তারা হলেন- আকলিমা আক্তার মনি ও আবদুল্লাহ আল বাঙালি।
ইত্তেফাক/জেডএইচ
