চাঁদাবাজির অভিযোগে আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৯

সাত দিনের রিমান্ডের আবেদন

খুলনা অফিস

খুলনায় ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে ২৭ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে এক নারীসহ আটক পুলিশের দুই এএসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার ব্যবসায়ী সঞ্জিত্ শীল বাদী হয়ে খুলনা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ ও গল্লামারী পুলিশ বক্সে কর্মরত এএসআই মিরান এবং তাদের সহযোগী ফাতেমা বেগম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই অনুকুল চন্দ্র ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।