সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৯

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা 

ভোলা প্রতিনিধি ভোলায় জেলার উন্নয়ন কার্যক্রম তরান্তিত করার লক্ষ্য নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বুধবার। জেলা প্রশাসক মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

নিপীড়নের প্রতিবাদে নার্সদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক কর্তৃক সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানির হুমকি ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক কর্তৃক নার্সিং স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার জেলা নার্সিং এসোসিয়েশনের উদ্যোগে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আ. ছালাম, সহ-সভাপতি আ. ওয়াহাব, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

কৃষকদের বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে বুধবার ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক পেয়েছেন ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ সার ও বীজ বিতরণ করেন।

গোসাইরহাটে মৌলিক সাক্ষরতা সমাবেশ

গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা গোসাইরহাট উপজেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করতে বুধবার মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলার) আওতায় সরকারি শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে মৌলিক স্বাক্ষরতা সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ, সভাপতিত্ব করেন গোসাইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন।

তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প

নরসিংদী প্রতিনিধি বেসরকারি সংস্থা আশার উদ্যোগে নরসিংদী জেলার শ্রীনগর ব্রাঞ্চ কার্যালয়ে ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০ জন রোগীকে ফ্রি চিকিত্সা সেবা প্রদান করা হয়। নরসিংদী সদর অঞ্চলের আরএম মো. আমিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারিছ মিয়া।

চাঁপাইনবাবগঞ্জে সরাসরি আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বুধবার মানববন্ধন হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা নাগরিক কমিটি, জেলাবাসী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ব্যানারে মানববন্ধন হয়। বক্তব্য দেন, জেলার মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ কমিটির নেতা শফিকুল আলম ভোতা। সাবেক ছাত্র নেতা গোলাম শাহনেয়াজ অপু প্রমুখ। বক্তারা বলেন, ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু করা হবে; কিন্তু আজও চালু হয়নি সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৭ লাখ মানুষের প্রাণের দাবিটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রেলমন্ত্রী ও রেল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবি উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের (জিআই ইউ) উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

বশেমুরবিপ্রবি-তে ইএসডি বিভাগের

প্রশিক্ষণ কর্মশালা

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ‘ডিজেস্টার অ্যান্ড রেসপন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা হয়। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের সভাপতি মো. মুহাইমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা হয়। বুধবার সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। রাজবাড়ীর সিভিল সার্জন মো. রহিম বক্সের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমুখ।

কটিয়াদীতে প্রসব সেবাবিষয়ক কর্মশালা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী সরকারি কলেজের হলরুমে মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক ব্রজগোপাল ভৌমিক, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান প্রমুখ।

হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ী হত্যার

বিচার দাবিতে মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপলব চন্দ্র বণিক হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন হয়। হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়  নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখ ভোর রাতে আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপলব চন্দ্র বণিককে তার নিজ দোকানে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

আগৈলঝাড়ায় দণ্ডপ্রাপ্ত আসামিসহ

গ্রেফতার চার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় দণ্ডপ্রাপ্ত এক আসামিসহ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার আমবৌলা গ্রামের আজাহার খানের ছেলে জিআর মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মো. আক্তার খানকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে বাগধা ইউনিয়নের মধ্য চাঁদত্রিশিরা গ্রামের মৃত নজর আলী খানের ছেলে নিয়মিত মামলার আসামি আলম খান ও তার ভাই কালাম খান ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মৌজে আলী বেপারীর ছেলে মো. তাছলিম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আক্তার খানকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও অন্যদের বুধবার আদালতে পাঠানো হয়।