গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
‘স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে না নিলে, লাশ হয়ে ফিরে যাবো বাবার বাড়িতে। এজন্য বিষের শিশি সঙ্গে নিয়ে এসেছি।’ এক পুলিশ সদস্যের প্রেমের প্রতারণার শিকার হয়ে গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা বলছিলেন খাদিজা আক্তার আঁখি (২১)। বিয়ের দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে ওই পুলিশ সদস্যের বাড়িতে অনশন করেন খাদিজা। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জাহাঙ্গীর আলম (২৬)। ময়মসসিংহের গৌরিপুরে এ ঘটনাটি ঘটে।
খাদিজা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া গ্রামের কৃষক কাশেম মিয়ার মেয়ে। পুলিশ সদস্য জাহাঙ্গীর একই উপজেলার ডৌহাখলার ইউনিয়নের পানাটি গ্রামের শামছুল হকের ছেলে। এ দিকে, অধিকার আদায়ের জন্য খাদিজা ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। তার স্বামী জাহাঙ্গীর আলমের পুলিশ কনস্টেবল নং-৫৪৩৯। তিনি রাজধানীর উত্তরা থানায় কর্মরত আছেন।
খাদিজা জানান, ছয় বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের পরিবারে না জানিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে আদালতে এফিডেভিট ও রেজিস্ট্রি করে তারা বিয়ে করেন।
