মহেশপুরে আইন অমান্য করে সরকারী জমিতে পাকা ঘর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৫
ঝিনাইদহের মহেশপুরে আইন অমান্য করে সরকারী জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। উপজেলার নাটিমা ইউনিয়নের ভূমিদস্যু জমির উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গিয়েছে।
 
এলাকাবাসীর জানায়, নাটিমা মৌজার ১নং ক্ষতিয়ানের ৫৬১নং দাগে নাটিমা গ্রামের লুৎফর রহমান বিশ্বাসের ছেলে ভূমিদস্যু জমিরউদ্দিন সরকারের আইন-কানুন অমান্য করে পাকা ঘর নির্মান করছে। স্থানীয় লোকজন জনস্বার্থে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দাখিল করেছে।
 
সহকারী কমিশনার ভূমির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার শ্বাশ্বতী শীলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। সে ব্যাপারে স্থানীয় ভূমি অফিসকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। 
 
স্থানীয়রা জানায়, নাটিমা ইউনিয়নের তহশীলদার নিকুঞ্জ বাবু ভূমিদস্যু জমির উদ্দিনের সঙ্গে আঁতাত রয়েছে। 
 
তহশীলদার নিকুঞ্জ বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জমিটি ইউনিয়ন পরিষদের। তারা বিষয়টি খতিয়ে দেখছে। জমির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
 
এলাকাবাসী সরকারের জমিতে পাকা ঘর নির্মান করায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।
 
ইত্তেফাক/নূহু