লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:২৭
লন্ডনে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বইয়ের প্রকাশনা বিষয়ে এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কারো বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার গোপন নজরদারী রিপোর্ট নিয়ে এ ধরনের প্রকাশনা বিশ্বে নজীরবিহীন। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই ইতিহাসের এই অমূল্য সম্পদ জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়েছে।
 
পূর্ব লন্ডনের ব্রিকলেনে একটি রেস্ট্রুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
 
প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তিনি বলেন, এটি একটি অসাধারণ বই। কোন রাজনৈতিক নেতার জীবন সম্পর্কে গোয়েন্দাদের দ্বারা সংগৃহীত তথ্য বিবরণ সম্বলিত এই ধরনের কোন বই এর পূর্বে আর কোন দেশে বের হয়েছে বলে আমার জানা নেই। বঙ্গবন্ধু কত বড় মাপের নেতা ছিলেন এই বই তা প্রমাণ করে। বাংলাদেশের রাজনীতি ও সামাজিক জীবনের একটি নির্ভুল বিবরণও এই বইতে উঠে এসেছে।
 
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। এ সময় প্রবাসীরা ছাড়াও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। মূলত বইটিতে ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সূচনা থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার ৪৬টি ফাইলে ৪০ হাজার পৃষ্ঠার রিপোর্টের ওপর ভিত্তি করে রচিত ১৪ খন্ডের ভলিউমের প্রথম খন্ড এটি।
 
ইত্তেফাক/টিএস