তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আর এ জন্যই শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরও তিনি সকল ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি চাকরিসহ সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করেছেন। তিনিই একমাত্র নেত্রী যার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই বর্তমান প্রধানমন্ত্রীর জীবনের লক্ষ্য। তার একক নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।’
বৃহস্পতিবার রাতে টাংগাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তার অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য তার যোগ্য উত্তরসূরী রেখে গেছেন। দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তথাকথিত শিক্ষিত সমাজ নিয়ে তারা জাতীয় ঐক্য জোট গঠন করেছে। তাদের কাজই হলো বিদেশীদের কাছে নালিশ করা। এই জোটের কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত পূজারিদের আহ্বান জানান।
তিনি ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর বিএনপি-জামাতের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামীতে আপনাদের স্বার্থ রক্ষায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী কান্ত সাহা, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ, আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজ মল্লিক, ভারড়া ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি করিম তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
