প্রধানমন্ত্রী পদে এখনো মোদিই প্রথম পছন্দ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২১

ভারতের লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়ে এসেও প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভারতীয়দের প্রথম পছন্দ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। সম্প্রতি সিভোটার-আইএএনসের এক জরিপের ফলাফলে বলা হয়েছে, বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মোদি। গত ১৯ এপ্রিল করা জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী পদে প্রথম পছন্দ হিসেবে রাহুল গান্ধীর চেয়ে ৩০ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।

১১ হাজার ১৯২ জনের ওপর করা জরিপে প্রশ্ন ছিল— প্রধানমন্ত্রী পদে সবচেয়ে উপযুক্ত প্রার্থী কে? এই প্রশ্নে প্রায় ৫৭ শতাংশ উত্তরদাতা নরেন্দ্র মোদিকে বেছে নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। প্রায় ২২ শতাংশ উত্তরদাতার পছন্দ তিনি।             নির্বাচন শুরুর আগেও বেশ কয়েকটি জরিপের ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে অন্য যে কারোর চেয়ে এগিয়ে রয়েছেন মোদি। গত মার্চে করা এক জরিপে প্রধানমন্ত্রী হিসেবে ৬০ শতাংশের বেশি লোকের পছন্দ ছিলেন মোদি। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা প্রায় একই জায়গায় আটকে আছে। এর বাইরে অন্য কোনো প্রার্থী জনগণকে উল্লেখযোগ্যভাবে আকৃষ্ট করতে পারেনি। প্রধানমন্ত্রী পদে হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে ৭০ শতাংশের বেশি লোকের প্রথম পছন্দ নরেন্দ্র মোদি।

জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদিকে ব্যাপকভাবে আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। গতকাল বুধবার বুন্দেলখণ্ড অঞ্চলে তীব্র খরার ঘটনায় মোদিকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনি দিল্লির চৌকিদার নাকি শাহেনশাহ। উত্তর প্রদেশের বান্দার রাস্তায় পানি ঠেলে প্রতিবাদ করেন তিনি। এ সপ্তাহেই ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে মোদির। আগামী ৬ মে বান্দা আসনে ভোট গ্রহণ হবে।

ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দল চাইলে তিনি বারানসি থেকে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচনে লড়বেন। গত মঙ্গলবার উত্তর প্রদেশের আমেথিতে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, দল চাইলে আমি নির্বাচন করব। এই আমেথি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাই রাহুল গান্ধী। এদিকে কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বারানসি থেকে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ৫০:৫০। সত্যিসত্যিই প্রিয়াঙ্কা গান্ধী বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে তা হবে ভারতের জাতীয় নির্বাচনের ইতিহাসে এক ‘ব্লকবাস্টার লড়াই’। তবে মা সোনিয়া গান্ধীসহ অনেকেই চান না রাজনীতিতে প্রবেশ করেই নির্বাচনে প্রার্থী হোক প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একটুও চিন্তিত নন বলে ইতিমধ্যে দলকে জানিয়ে দিয়েছেন।