গোয়েন্দা ব্যর্থতায় প্রশাসন ঢেলে সাজাচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২১

মূল পরিকল্পনাকারী ইনসান

ইত্তেফাক ডেস্ক

শ্রীলঙ্কায় সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ইতোমধ্যে প্রতিরক্ষা সচিব এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন, হামলার ভয়াবহতা দেখে ধারণা করা হচ্ছে, এর সঙ্গে বিদেশি শক্তি জড়িত।

নিহতের সংখ্যা সাড়ে তিনশ’ ছাড়িয়েছে জানিয়ে সরকার বলেছে, ৯ হামলাকারীর ৮ জনের পরিচয় পাওয়া গেছে যাদের মধ্যে একজন নারী। এদের অধিকাংশই উচ্চ শিক্ষিত ও ধনী পরিবারের। অন্যদিকে ক্রাইস্টাচার্চ হামলার প্রতিশোধ বলে শ্রীলঙ্কার দাবির বিষয়ে নিউজিল্যান্ড জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে তথ্য নেই। আর মুসলিম নেতারাও সরকারের দাবিকে প্রত্যাখান করেছেন।

প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ :প্রেসিডেন্ট সিরিসেনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্যোগের পরিকল্পনার কথা জানিয়েছেন। গতকাল প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, ইতোমধ্যে প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশ       প্রধান পুজিত জয়াসুন্দারাকে পদত্যাগের আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট। গির্জা ও হোটেলে নৃশংস বোমা হামলার আগাম তথ্য তারা বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে পেলেও প্রেসিডেন্টকে জানাননি বলে অভিযোগ আছে।

অধিকাংশই উচ্চশিক্ষিত

শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ভিজেবর্ধনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, আত্মঘাতী হামলায় অংশ নেওয়া তরুণ-যুবকদের অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং উচ্চ-মধ্যবিত্ত ঘরের সন্তান। হামলাকারীদের একজন ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করছিল। শ্রীলঙ্কান মন্ত্রী বলেন, খুবই উদ্বেগের বিষয় এটি। যে আটজন আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে দুজন সহোদর। এই দুই ভাই কলম্বোর ধনী এক মসলা ব্যবসায়ীর দুই ছেলে বলে তদন্তকারীদের উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। দুই ভাই কলম্বোর দুটো হোটেলে হামলা চালায়।

তদন্তকারী একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, এক ভাইয়ের বাড়িতে কমান্ডো পুলিশ গেলে ভেতরে স্ত্রী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঐ নারী এবং তার দুই ছেলে মারা যায়। সাথে নিহত হয় তিনজন পুলিশ কমান্ডো। তদন্তকারীরা হামলাকারীদের পরিবারের সদস্যদের পরিচয় ও গতিবিধি বিশ্লেষণ করছেন। সন্দেহভাজন হিসেবে আটক ৬০ জনের মধ্যে হামলাকারীদের স্ত্রীও আছে। হামলাকারীদের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে ইনসানকে মনে করা হচ্ছে। রুয়ান ভিজেবর্ধনে জানান, হাসপাতালে চিকিত্সাধীন কয়েকজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বিদেশি আছেন ৩৯ জন।

প্রতিশোধের হামলার দাবি নিয়ে মতবিরোধ

শ্রীলঙ্কা সরকার মঙ্গলবার দাবি করে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুক হামলা চালিয়ে ৫০ মুসলিমকে হত্যার প্রতিশোধ হিসেবে এই আত্মঘাতী হামলা। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। শ্রীলঙ্কা কেবল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই সবকিছু পরিষ্কার হবে। মুসলিম নেতারাও সরকারের প্রতিশোধের হামলার দাবিকে নাকচ করে দিয়েছেন। -বিবিসি, রয়টার্স ও আল-জাজিরা