বিএনপির দেয়া ৯২জন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তার নামে করা অভিযোগ সুনির্দিষ্ট না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার সন্ধ্যায় কমিশনের এক অনানুষ্ঠিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। কেননা বিএনপি শুধু তালিকা দিয়ে বদলি বা প্রত্যাহারের কথা বলেছে। তিনি বলেন, রাজনৈতিক দল নয়, প্রর্থীর চিঠি আমলে নেবে কমিশন। প্রার্থী নহেন এমন অনেকে আবেদন করে, উড়োচিঠি দেয় সেগুলো আমলে না নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। রাজনৈতিক দলের চিঠি আমলে নেয়া হবে কী না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের চিঠি ওইভাবে আমলে নেয়া যাবে না।
সচিব বলেন, কমিশন সভায় বসে বিএনপির চিঠিগুলো পর্যালোচনা করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কোন কোন চিঠির উত্তর দেবো, কোন চিঠির বিষয়ে ব্যবস্থা নেবো সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কিছু চিঠিতে ঠুনকো বিষয় উল্লেখ করা হয়েছে যেমন বঙ্গভবনে কারে খানাদানা করানো হয়েছে এসব চিঠি আমরা কেনো আমলে নেবো? বৃহস্পতিবার ১৩টি চিঠি ইসিতে জমা দিয়েছিল বিএনপি। ওইসব চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সন্ধ্যায় এ বৈঠক করে কমিশন।
