ইত্তেফাক রিপোর্ট
প্রবৃদ্ধির হিসাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সংশয়ের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সিপিডি তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। সিপিডির তথ্য-উপাত্ত চেয়ে তিনি বলেন, আমরা তাদের চেয়ে বড়। তারা যে তথ্য দিয়েছে সেটি ঠিক নয়। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তাদের (সিপিডি) কাছে যা আছে সেগুলো আগে আমাকে দিতে বলেন। এর আগে মঙ্গলবার সিপিডি সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের ১০০ দিন নিয়ে কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব করা ৮ দশমিক ১৩ শতাংশ মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছে। সিপিডির মতে, এ হিসাব বাস্তবসম্মত নয়। অর্থনীতির সূচকগুলোর সঙ্গে এর মিল নেই। জিডিপির হিসাব আরো গভীরে গিয়ে করা উচিত।
গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি অর্থ বছরের জন্য ৫০ হাজার টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট চারটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে তিনটির অনুমোদন দেওয়া হয়েছে।
