হাজীগঞ্জে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৪২

ইত্তেফাক ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে গণধর্ষণের শিকার আদিবাসী দুই বোনের মধ্যে একজনের আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কথিত প্রেমিকসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় হাজীগঞ্জে শিক্ষক এবং মঠবাড়িয়ায় ধর্ষকের বোনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।   এবিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রংপুর:রংপুরের মিঠাপুকুরে একই সঙ্গে আদিবাসী দুই বোনকে গণধর্ষণ ও এর মধ্যে একজন আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার রাতে কথিত প্রেমিক রতনসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।  জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোর্দ্দ নুরপুর গ্রামের আদিবাসী পল্লীর এক ছাত্রী ইমাদপুর পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার ঢোলভাঙ্গা গ্রামের বুধুয়া মিনজির পুত্র রতন মিনজির সঙ্গে তার প্রেমের সর্ম্পক ছিল। ১৮ এপ্রিল মোবাইল ফোনে তাকে দেখা করতে ডাকে রতন। বিকেলে চাচাতো বোনকে সঙ্গে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে যায় সে। সেখানে রতন ও তার তিন বন্ধু একটি নির্জনস্থানে নিয়ে দুই বোনকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শুক্রবার বিকেল তারা বাড়ি ফিরে। পরে শয়ন ঘরে তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আদিবাসী ওই স্কুল ছাত্রী। এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে রতনসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।  মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

মঠবাড়িয়া (পিরোজপুর):মঠবাড়িয়ায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে প্রতারক প্রেমিক ওই কলেজ ছাত্রী সম্পর্ককে অস্বীকার করলে সে চেতনানাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ধর্ষণ ঘটনায় সহায়তার অভিযোগে ধর্ষক সাহেব আলীর বোন বিলাশী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃত বিলাশী বেগমকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার পর প্রতারক প্রেমিক উপজেলার শিংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে পুলিশ সদস্য সাহেব আলী পলাতক রয়েছে। মঙ্গলবার ওই কলেজ ছাত্রী বাদি হয়ে ধর্ষক পুলিশ সদস্য ও তার বোনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে ওই কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ করার অভিযোগে কাউছার হোসেন নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই শিক্ষককে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে। কাউছার হোসেন ওই গ্রামের খলিল মিয়া বেপারী বাড়ির মো. শাহজামালের ছেলে এবং হাজীগঞ্জ পৌরসভার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, ধর্ষণের অভিযোগে কাউছার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাট:বাগেরহাটের রামপালে এগারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মুদি দোকানি ফেরদৌস শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন এবং ধর্ষণের শিকার শিশুটির তথ্য গোপন ও আলামত নষ্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া মাদ্রাসা অধ্যক্ষ ওলিয়ার রহমানকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল বুধবার বিকেলে বাগেরহাটের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ওই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এদিকে ঘটনার চারদিন পার হলেও অন্য দুই এজাহারভুক্ত আসামি অধ্যক্ষ ওলিয়ার রহমানের স্ত্রী ও মাদ্রাসার অন্য এক শিক্ষককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন

হয়রানির অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের তাড়াশে এবার পরীক্ষা কেন্দ্রে কম্পিউটার প্রদর্শক এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। ঘটনার দিন কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে একই কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ইতিপূর্বেও ওই প্রদর্শক একাধিকবার ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ প্রসঙ্গে অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ইতোমধ্যে বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত প্রদর্শককে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।