ইত্তেফাক রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটেছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইন-শৃঙ্খলার অবনতি খুবই দৃশ্যমান। গতকাল বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে তিনি একথা বলেন। ড. কামাল বলেন, নারীদের অধিকার এবং আইনের শাসন রক্ষা করার জন্য আন্দোলনকে জোরদার করতে হবে।
গতকালের বৈঠক থেকে ঐক্যফ্রন্ট বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্ট শরিক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদসহ নারী ও শিশু নির্যাতন বন্ধে আগামী ৩০ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে জমায়েত করবে ঐক্যফ্রন্ট।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় গণশুনানির জন্য নাগরিক সভা ও রোজার মাসে সুধী সমাবেশ। রব বলেন, প্রতিদিন শিশু ধর্ষণের খবর আসছে। নারী ও শিশুরা ঘরে-বাইরে নিরাপদ নয়। পুলিশ নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে এ ধরনের ঘটনা ঘটত না বলে আমরা মনে করি।
ঐক্যফ্রন্টের বৈঠক থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা না দেওয়া ও হয়রানি না করার দাবি এবং আটক নেতাদের মুক্তির দাবিও জানানো হয়। শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার নিন্দা জানায় ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হওয়ায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
