ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন হামিদা খানম রানু আর নেই। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী তিনি রেখে যান। হামিদা খানম রানু বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের বোন। তাদের বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন ছিলেন বঙ্গবন্ধুর চাচা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে তার ফুপু হামিদা খানম রানুর লালমাটিয়ার বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কাটান। প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
