মদ খাওয়া নিয়ে সংঘর্ষ

সাভারে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:২৬

সাভারে মদ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত নাইম হাসান দক্ষিণ রাজাশন এলাকার মনির হোসেনের ছেলে। তিনি সাভার ট্রাস্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গতকাল বুধবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে শাকিল গ্রুপ ও মিলন গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে শাকিল গ্রুপের সদস্যরা মিলন গ্রুপের সদস্য নাইম হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করে। গতকাল সকালে হাসপাতালে মারা যান নাইম। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মঙ্গলবারের সংঘর্ষে গুরুতর আহত হূদয় নামে আরও একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় নাইমের বাবা লিখিত অভিযোগ দিলে মিলন, শাকিল ও হূদয়সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।