খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে বিএনপি জঙ্গিবাদকে মদত দিচ্ছে।
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন বানচাল করার মত সাংগঠনিক শক্তি বিএনপি’র নাই। বিগত কয়েক বছরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পরেছে।
তিনি বলেন, তাই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা আবারও জঙ্গিদের মদত দিচ্ছে। জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে।
কামরুল ইসলাম আজ সোমবার কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন।
ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ড. কামালের মত একজন বিজ্ঞ লোক কিভাবে বিএনপি জামায়েতের সাথে ঐক্য করে তা তার বোধগম্য নয়।
ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে খুনিচক্রের জোট অভিহিত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
দেশের মানুষ তাদের এ ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। কাজেই আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আযম খান বারকুর, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী আবু সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
