মানিকগঞ্জের সিংগাইরে সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিলেজ এ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভাস্ড) ও মানুষের জন্য ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতউল্লাহ। ভাস্ড-এর কনসালটেন্ট মিজানুর রহমানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ (ই.ডি) মাসুমা সামাদ।
প্রধান অতিথি রাহেলা রহমত উল্লাহ এ সময় বলেন, সহিংস উগ্রবাদ ঠেকানোর জন্য প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে। তাদের সন্তানেরা কে কী করে, কোথায় যায় তার খোঁজ রাখতে হবে। মাদক, স্মার্টফোন কিশোরদের হাতে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়ন পরিষদে বসে সমাজের বিভিন্ন স্তরের লোকজন নিয়ে এ বিষয়ে কর্মশালা করতে হবে। তাহলেই সমাজ থেকে সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদ ঠেকানো যাবে।
