হাতি দিয়ে চাঁদা তোলার সময় চাঁদা দিতে অস্বীকার করায় মাহুতের ইঙ্গিতে শুঁড় দিয়ে অটোরিকশা চালককে আছাড় মেরে আহত করেছে হাতি। আব্দুল বাতেন (৪৫) নামের ওই অটোরিকশা চালককে শুঁড় দিয়ে পেঁচিয়ে অটো থেকে নামিয়ে এনে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে। এ ঘটনায় আবদুল বাতেনের স্ত্রী গতকাল বুধবার বাদী হয়ে হাতির মাহুতসহ ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ হাতির মাহুত এনামুলকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন জানান, হাতিটি মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারে দোকানদার, পথচারী ও যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল। আবদুল বাতেনের অটোরিকশাটি থামিয়ে ২০০ টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় মাহুতের ইঙ্গিতে হাতিটি এ ঘটনা ঘটায়। বাতেন বর্তমানে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
