সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল রাজধানীর বনানীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান। তিনি সেখানে যান বেলা দেড়টার দিকে। পরে শেখ সেলিমের বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবিধুর পরিবেশে এক ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সময় একান্তে কথা বলেছেন রওশন।
শেখ সেলিমের বাসা থেকে বেরিয়ে রওশন এরশাদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পৃথিবীর সব ধর্মই শান্তি, সম্প্রীতি আর মানবতার কথা বলে। কোনো ধর্মই সন্ত্রাস আর জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। যারা নিরীহ মানুষ হত্যা করে এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। হামলাকারীদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, গুলশান থানা জাপার সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানা জাপার সাংগঠনিক সম্পাদক মো. মারজান প্রমুখ উপস্থিত ছিলেন।
