৯ মাসে না পারলেও হাইকোর্টের তলবে ৭ দিনে মামলা নিষ্পত্তি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৪৪

হাইকোর্টের নির্দেশের পরেও ৯ মাসে নিষ্পত্তি করতে পারেননি হত্যা মামলা। কিন্তু নিম্ন আদালতের বিচারককে তলব করায় সেই মামলা ৭ দিনে নিষ্পত্তি করা হয়েছে। তাও উচ্চ আদালতের লিখিত আদেশ পৌঁছানোর আগেই। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. শওকত আলী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টকে মামলা নিষ্পত্তির বিষয়টি অবহিত করেন। এরপরই বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই বিচারককে হাজিরা থেকে অব্যাহতি দেন।

আসমা খাতুন নামে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ২০১৫ সালের ৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়। অভিযোগ গঠনের পর মামলাটিতে ২৬ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত। গত বছরের ৮ জুলাই হাইকোর্ট চার মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন। এই নির্দেশের পর গত ৯ মাসে দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ওই বিচারক। উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় গত ১০ এপ্রিল ওই বিচারককে তলব করেন হাইকোর্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তলব আদেশের বিষয়টি জানতে পেরে গত ১৮ এপ্রিল মামলাটি নিষ্পত্তি করেন ট্রাইব্যুনালের বিচারক।