যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পাঁচকবর এলাকায় করিম পেট্রোলিয়াম ডিপোর সামনে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় ট্রেনের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল।
নওয়াপাড়া রেলস্টেশন মাষ্টার মহাসিন রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি অল্প কিছু দূর অগ্রসর হয়ে নওয়াপাড়ার পাঁচকবর করিম পেট্রোলিয়াম ডিপোর সামনে পৌঁছুলে একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০৩২১) রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের এয়ার সিলিন্ডার, এসি পাম্প, ফুয়েল সেটিংসহ আরও অনেক যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়। সংঘর্ষের আগে ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে আটকে থাকা ট্রেনটি সরিয়ে নিতে রেলওয়ের উদ্ধার কর্মীদের সাথে স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিস ও ঘাট শ্রমিকরা যোগ দেয়। উদ্ধার কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটি রেল লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনা স্থানে পরিদর্শন করেন।
ইত্তেফাক/জেডএইচ
