সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৪০
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের নির্মাণাধীন রাজাপুর রেল ক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার হইজোড় গ্রামের সাদু সরদারের ছেলে জেহেল সরদার (৪৫) ও সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের খয়েজ মিস্ত্রির ছেলে দানেজ (৬০)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের নির্মাণাধীন রাজাপুর রেল ক্রসিং নামক স্থানে পাবনা মুখী অমর পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেহেল সরদার ও দানেজ নিহত হন। অপর একজন শান্তিপুর গ্রামের নিফাজের ছেলে নূর আলীকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে ঘাতক বাসটি আটক করা হয়।
 
এদিকে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে পাবনা-নগড়বাড়ি মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
 
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ