শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘যাত্রা উত্সব ২০১৯’। ‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শীর্ষক তিন দিনের এই উত্সব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। শিল্পকলা একাডেমি আয়োজিত এই উত্সবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল ও নাট্যজন আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।
উদ্বোধনী আয়োজনে একাডেমির কণ্ঠশিল্পীরা যাত্রাপালার গান পরিবেশন করেন। গানের সাথে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে যাত্রাশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন যাত্রাশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিল্পীরা হলেন ভিক্টর দানিয়েল, গৌরাঙ্গ আদিত্য ও সুলতান সেলিম। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, নতুন যাত্রাপালা নির্মাণের পদক্ষেপ নেয়া হয়। এবারের উত্সবে নতুন তিনটি যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে। উত্সবের উদ্বোধনী দিনে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় মিলন কান্তি দে রচিত নতুন যাত্রাপালা ‘এক যে ছিল মহারাণী’। দেশ অপেরা এটি প্রযোজনা করেছে। মামুনুর রশীদ রচিত নুতন যাত্রাপালা ‘দ্বীপের নাম আন্ধার মানিক’ মঞ্চস্থ হয় দ্বিতীয় পালা হিসেবে। এটি প্রযোজনা করছে জয়যাত্রা। আজ ও কাল মঞ্চস্থ হবে আরও ৫টি যাত্রাপালা। আজ বৃহস্পতিবার দুটি যাত্রাপালা প্রদর্শিত হবে।
জয়নুল গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্রর প্রদর্শনী। ‘গ্লিম্পসেস অব ফটোগ্রাফি’ শীর্ষক এ প্রদর্শনীতে মাহবুবুজ্জামান, কাজী রওনাক হোসেন ও রশিদের ছবি স্থান পেয়েছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে সেমিনার: সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে সেমিনার হয়ে গেল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। ‘সত্যেন্দ্রনাথ বসু: তার বিস্তীর্ণ জীবন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আহমাদ মোস্তফা কামাল। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বোস সেন্টারের পরিচালক অধ্যাপক সুপ্রিয়া সাহা, পদার্থ বিজ্ঞানী অধ্যাপক অজয় রায়, জাতীয় জাদুঘরের ট্রাস্টি অধ্যাপক ড. সুলতানা শফি। সভাপতিত্ব করেন জাদুঘরের ট্রাস্টি শিল্পী হাশেম খান।
