বিমান এ বছর চার আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৪৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে। রুটগুলো হচ্ছে ঢাকা-দিল্লী-ঢাকা, ঢাকা-গোয়াংজু-ঢাকা, ঢাকা-মালে-ঢাকা এবং ঢাকা-কলম্বো-ঢাকা। এরমধ্যে ঢাকা-দিল্লী-ঢাকা রুটে আগামী ১৩ মে থেকে ফ্লাইট চালুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই রুটে প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে এই রুটে বিমানের ফ্লাইট চলাচল করতো। কিন্তু প্রায় ৪ বছর আগে রুটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানের পরিচালনা পর্ষদ সম্প্রতি এই রুটে ফ্লাইট চলাচল করার পুনরায় সিদ্ধান্ত নেয়।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে আমেরিকার বোয়িং কোম্পনি বিমানকে নতুন দুটি বোয়িং ৭৮৭-৮০০ উড়োজাহাজ বিমানকে সরবরাহ করবে। এই উড়োজাহাজ দুটি দেশে আসার পর অপর তিনটি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে। বর্তমানে বিমান পৃথিবীর ১৫টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। উড়োজাহাজ স্বল্পতার কারণে বেশ কিছু চালু রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ইতোমধ্যে বিমান বহরে ৪টি বোয়িং ৭৭৭-৩০০, দুটি বোয়িং ৭৮৭-৮০০, ২টি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২টি টার্বো প্রপেলার যুক্ত হয়েছে। এছাড়া ২টি বোয়িং ৭৩৭-৮০০ লিজে আনা হয়েছে। এ বছরে দুটি বোয়িং ৭৮৭ আসার পর বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৪টি।