বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে সাত ধাপে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। ইতোমধ্যে অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচনে লক্ষণীয়ভাবে বেশ কিছু ঘটনার জন্ম হয়েছে। সর্বশেষ মঙ্গলবার তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলাকালে কেরালার একটি ভোটকেন্দ্রের বুথে পাওয়া গেল জ্যান্ত সাপ। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। যদিও পরে সাপ সরিয়ে শুরু হয় ভোটগ্রহণ।
কেরালার কান্নুরের কান্দাকাইয়ের এক বুথে দিনের শুরুতে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। আচমকাই বুথের ভিতরে উপস্থিত ভোটকর্মী ও ভোটাররা আঁতকে উঠলেন। চারদিকে হইচই। আতঙ্ক ছড়িয়ে পড়লো বাইরে অপেক্ষমাণ ভোটারদের মধ্যেও। একজন চেঁচিয়ে উঠলেন ‘সাপ, সাপ’। পোলিং বুথের ভিতরে একটি সাপ ঘোরাফেরা করছে। ইভিএমের পাশে যে ভিভিপ্যাট মেশিন (ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল) রাখা ছিল, সেখানেই ঘোরাফেরা করছিলো সাপটি। খানিকক্ষণের চেষ্টায় সাপটিকে বুথ থেকে বের করার পর ফের ভোটাররা ভোট দিতে শুরু করেন। এ ঘটনার সমালোচনা করে কংগ্রেস নেতা শশী থারুর টুইটে বলেন, পোলিং বুথে হাজির সাপ। ভারতীয় গণতন্ত্রে এই প্রথম হয়তো এমন ঘটনা ঘটল।
