শিবালয়ে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীর টাকা লুট

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৩
শিবালয় উপজেলার আরিচা ঘাটের হালিম এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান কাজী (৪৫) বুধবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে  তার সব লুটে নেওয়া হয়েছে। ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ৬ দুর্বৃত্ত সাদা মাইক্রোবাসযোগে এসে আরিচা মহাসড়কের উথলী মোড়ের নিকট যাত্রীবাহী বাস থামিয়ে রহমানকে নামিয়ে নেয়।
 
জানা গেছে, উত্তরা ব্যাংক শিবালয় শাখা থেকে রহমান ২ লাখ টাকা তুলে টেপরা বাসস্ট্যান্ড হতে বাসে আরিচার উদ্দেশ্যে রওয়ানা দেয়। উথলী মোড় অতিক্রমকালে বিপরীতমুখী মাইক্রোবাসের আরোহীরা বাস থামিয়ে রহমানকে নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়। তাকে মাইক্রোতে তুলে চোখ বেঁধে বেদম মারপিট করে টাকা-পয়সা কেড়ে নেয়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর রহমানকে গুলি করার ভয় দেখিয়ে মহাসড়কের কুষ্টিয়া ব্রিজের নিকট নামিয়ে দৌড়াতে বলে দুর্বৃত্তরা মাইক্রো নিয়ে দ্রুত চম্পট দেয়।
 
পুলিশ জানায়, সড়কের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরা ফুটেজ দেখে মাইক্রোবাস সনাক্ত ও দুষ্কৃতিকারীদের আটকের জোড় চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/জেডএইচ