অভিযোগ না নেয়ার অভিযোগে বিএসটিআইতে দুদকের অভিযান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৮:৪৯
অভিযোগ না নেয়ার অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সিটিটিউশন (বিএসটিআই)-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
বুধবার দুদকে অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) প্রাপ্ত এমন এক অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী’র নির্দেশে দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালিয়েছে।
 
দুদক সূত্র জানায়, দুদকের হট লাইনে অভিযোগ আসে ভোগ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসটিআই’এ ভেজাল পণ্য কিংবা পণ্যের মান সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে দুদক টিম অভিযান চালিয়ে সরেজমিনে অভিযোগের সত্যতা পায়। দুদক টিম ভেজাল পণ্য কিংবা নিম্নমানের পণ্য সম্পর্কে বিএসটিআই-এ অভিযোগ দায়েরের কোন নির্দিষ্ট দপ্তর/মাধ্যম/ইমেইল পাওয়া পায়নি।অভিযোগ সম্পর্কে পত্র যোগাযোগের কোন নিয়ম এখানে নেই। তবে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই কিছু ব্যবস্থা গ্রহণ করলেও অভিযোগ সম্পর্কিত তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। অপরদিকে কোন কোন কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত মোবাইলে অভিযোগ আসে, এতে দুর্নীতির ঝুঁকি তৈরি হচ্ছে। জনআস্থা অর্জন এবং সুশাসনের স্বার্থে বিএসটিআই-এর প্রতিটি দপ্তরে ভেজাল পণ্য কিংবা পণ্যের মান সংক্রান্ত সুনির্দিষ্ট মাধ্যমে (ইমেইল/পত্র যোগাযোগ) অভিযোগ গ্রহণের জন্য দুদক টিমের পক্ষ থেকে বিএসটিআই কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়। 
 
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সুষ্ঠু অভিযোগ-ব্যবস্থাপনা সুশাসনের মানদণ্ড। অভিযোগ গ্রহণ, মূল্যায়ন এবং প্রতিকারের সংস্কৃতি চালু হলে দুর্নীতি আপনা আপনি হ্রাস পাবে। বিএসটিআইকে এ বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই