বাসচাপায় আবরার নিহত

বাসের মালিকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৫১

রাজধানীর নর্দ্দায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপরদিকে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে বাস চাপা দিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) গতকাল বুধবার এই অভিযোগপত্র জমা দিয়েছে।

বাসচাপা দিয়ে আবরারকে মেরে ফেলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত চার আসামি হলেন- সুপ্রভাত পরিবহনের সুপারভাইজার ইয়াছিন, বাস মালিক গোপাল সরকার, সুপ্রভাত পরিবহন রুটের সভাপতি আলাউদ্দিন ও রুটের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন। আর সিনথিয়াকে বাসচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযোগপত্রভুক্ত ছয় আসামি হলেন- বাস চালক সিরাজুল ইসলাম, চালকের সহকারী ইব্রাহিম, সুপ্রভাত পরিবহনের সুপারভাইজার ইয়াছিন, বাস মালিক গোপাল সরকার, সুপ্রভাত পরিবহন রুটের সভাপতি আলাউদ্দিন এবং রুটের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান বলেন, বাসচাপা দিয়ে আবরারকে মেরে ফেলার মামলায় দণ্ডবিধির ৩০৪সহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র  দেওয়া হয়েছে। এই ধারার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।