মুলাদীতে ধসে পড়েছে নির্মানাধীন থানা ভবনের ছাদ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:৩১
বরিশালের মুলাদীতে নির্মানাধীন মডেল থানা ভবনের একাংশ ধসে পড়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢালাই দেওয়ার পর থানার মূল ভবনের ছাদের সামনের অংশ ধসে পড়ে।
 
মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থানার মডেল ভবনের নির্মাণ কাজ টেন্ডার পায় বরিশালের ঠিকাদার শাহীন হোসেন। সে বুধবার সকালে গণপূর্ত বিভাগের এসও মিজান ও কার্য সহকারী হেমায়েত উদ্দীনের উপস্থিতিতে মূল ভবনের ঢালাই কাজ শুরু করে। বেলা আড়াইটার দিকে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সামনেই ভবনের সামনের অংশ ধসে পড়ে। 
 
গণপূর্ত বিভাগের এসও মিজান জানান নিম্নমানের সাটারিং ব্যবহার করায় ঢালাই দেওয়ার সময় ভবনের একাংশ ধসে পড়েছে।
 
এ ব্যাপারে ঠিকাদার শাহীন হোসেন জানান, শ্রমিকদের ভুলের কারণে থানা ভবনের ছাদ ঢালাই দেওয়ার সময় সামনে অংশ ধসে পড়ে। সবকিছু ঠিকঠাক করে পুনরায় ঢালাই কাজ শুরু করার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু