ভাওয়াল জাতীয় উদ্যানে মুক্ত হলো ঢাকায় উদ্ধার পাখি ও কাঠবিড়ালী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৩৬

ঢাকা থেকে উদ্ধার ৯৪টি পাখি ও ৩টি কাঠবিড়ালী শনিবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার চত্বরে অবমুক্ত করা হয়েছে। ঢাকার মিরপুরে  অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির পাখি ও কাঠবিড়ালীগুলো উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, অবৈধভাবে পাখি বিক্রির খবর পেয়ে শুক্রবার দুপুরে মিরপুর-১ নম্বর এলাকায়  অভিযান চালানো হয়। এ সময় ৫৬টি মুনিয়া, ১০টি টিয়া, ১৫টি শালিক ও ১৩টি ঘুঘু এবং ৩টি কাঠবিড়ালী উদ্ধার হয়। অভিযান টের পেয়ে পাখি বিক্রেতারা পালিয়ে যায়। উল্লেখ্য, দেশি ওইসব বন্য পাখি ও প্রাণী শিকার এবং বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।