ধবলধোলাই থেকে বাঁচার মিশনে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে মাত্র ৬ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। দুই ওপেনার কেপাস জুয়াও ও হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবু হায়দার রনি। এ অবস্থায় ব্রেন্ডন টেলর ও সিন উইলিয়ামস জুটি বাঁধেন একসঙ্গে। বিপদে পড়া দলকে দারুণভাবে উদ্ধার করেন এ দুজন। শেষ পর্যন্ত ১৩২ রানের এই জুটি ভাঙতে সক্ষম হলেন নাজমুল ইসলাম অপু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ তিন উইকেটে ১৬৭ রান।
২৭তম ওভারে ১৩৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন টেলর। আউট হওয়ার আগে ৭২ বল থেকে ৮টি চার ও তিনটি ছক্কার মারে টেলর করেন ৭৫ রান। তবে ৮৮ রান করা সিন উইলিয়ামস রয়েছেন ক্রিজে। তার সঙ্গে আছেন সিকান্দার রাজা।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে মাশরাফি বাহিনী।
ইত্তেফাক/কেআই
