রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আল হেলাল হোটেল থেকে আব্দুল হালিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হালিম রাঙ্গামাটি শহরের দক্ষিণ ফরেস্ট কলোনি এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। পেশায় তিনি চায়ের দোকানী ছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার নিজ বাসা থেকে বের হয়ে যান হালিম। পরে তিনি শহরের ফরেস্ট কলোনি এলাকার বাসিন্দা পরিচয়ে হোটেলের ১০২ নাম্বার রুমটি ভাড়া নেন। রুমে ঢুকে তিনি আর রুম থেকে বের হননি। শনিবার দুপুরের দিকে ওই রুমের দরজা বন্ধ থাকায় তাকে অনেকবার ডাকার পরও সে রুমের দরজা না খুললে পরে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করলে হালিমের দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহীম জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ
