‘কাগজের ব্যবহার কমাতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২২:০৭
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের গাছ রক্ষা করতে কাগজের ব্যবহার কমাতে চাই। তাই ব্যালটের পরিবর্তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  শনিবার রাজশাহীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, ‘কোটি কোটি গাছ নষ্ট করে ব্যালট ও ব্যালটের সঙ্গে আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করতে হয়। আমরা পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করতে দিতে পারি না। তাই আপনাদের সামনে ইভিএম মেশিন নিয়ে এসেছি।’
 
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে ঐক্যফ্রন্ট বলে কিছু নাই। আমাদের কাছে আছে নিবন্ধিত ৩৯টি দল। এদের কেউ কেউ ইভিএম এর বিরোধীতা করেছে। কিন্তু সিটি নির্বাচনে এবং অন্যান্য নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ১২টি দল অংশ নিয়ে কেউ কেউ জয় লাভও করেছে।’
 
তিনি আরও বলেন, ‘রাজনীতিক দলের চেয়ে আমার কাছে সবার আগে ভোটার। ভোটারের সন্তুষ্টি করতে চাই। আর যদি ভোটারের সন্তুষ্টি অর্জন করতে পারি তা হলে আমি ধরে নিই রাজনৈতিক দলের সন্তুষ্টি অর্জন হবে। কারণ ভোটারদের জন্যই তো রাজনীতিক দল।’
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।
 
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার অমিনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, আরএমপি কমিশনার একেএম হাফিজ আকতার, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ। এ মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়।
 
ইত্তেফাক/বিএএফ