নগরীর উপকণ্ঠে ১০০ একর জায়গার উপর প্রস্তাবিত লেদার (চামড়া) শিল্প পার্কের জায়গা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে পবার হরিয়ান ও পুঠিয়ার বেলপুকুর এলাকার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। এরআগে মেয়র লিটন মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিসিক শিল্প নগরী-২ এর জায়গাও পরিদর্শন করেন।
এ সময় মেয়র লিটন আশা বলেন, চামড়া শিল্প পার্কটি এবং শিল্প নগরী-২ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরো বাড়াবে ও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্প পার্কটির কাজ দ্রুত বাস্তবায়নে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান, স্টেট অফিসার ওয়েসকুরোনী, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান আলী, মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।
আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে
এদিকে সোমবার বেলা ১১টায় নগরীর শালবাগান এলাকার বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তরে বিজিবি পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি স্কুলের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আধুনিকায়ন করেছেন। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব দিয়েছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে। আগামীতে আমাদের সন্তানরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌছে দিয়েছেন। শিক্ষা কোন সুযোগ নয়, এটি অধিকার। বছরের শুরুতেই প্রায় ৩৬ কোটি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
তিনি বলেন, শিক্ষানগরী রাজশাহীতে আরো শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। এখানে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। আগামী ১/২ বছরের মধ্যেই রাজশাহীতে গালর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে।
বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বর্ডার গার্ড ব্যাটেলিয়ান-১ এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম।
অন্যদের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেহেনা আকতার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সুমনসহ বিজিবির কর্মকতা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
