স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের আট খুদে ক্রিকেটার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:৪৯

চারজন মেয়ে আর চারজন ছেলে, আটজনের একটি ক্রিকেট দল। তাদের গড় বয়স ১৫ বছর। এর মধ্যে সবচেয়ে ছোট মোহাম্মদ রুবেল, বয়স তার বারো বছর। লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে ৩য় শ্রেণির শিক্ষার্থী। আর সবার বড় যে, তার বয়স ১৬ বছরের একটু বেশি। এই ক্রিকেট দল আগামী ২৮ এপ্রিল ইংল্যান্ডে যাচ্ছে একটি বিশ্বকাপ খেলতে। ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত চলবে এ খেলা। অন্য ওয়ার্ল্ড কাপের সঙ্গে এর পার্থক্যটা হলো—এটা স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৯। এবছরই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার। বাংলাদেশ দলের এই খেলোয়াড়রা বড় হয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএফ) সদস্য সংস্থা ‘লিডো’র শিশুসদনে।

এই খুদে ক্রিকেটারদের দলে আছে—রুবেল, স্বপ্না আক্তার সুমী, আরজু, জেসমিন আক্তার, নিজাম হোসেন, সানিয়া মির্জা, রাসেল ইসলাম ও আবুল কাসেম।

তাদের এই স্বপ্নপূরণে পেছন থেকে যে মানুষটি নিরলসভাবে কাজ করেছেন তিনি ‘লিডো’র নিবার্হী পরিচালক ফরহাদ হোসেন। তিনি আশা করেন ওরা ভালো করবে। ফরহাদ হোসেন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চলছে, এই টিম ফিরে এলে এখান থেকে কাউকে কাউকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ টিমে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৯-এ অংশগ্রহণকারী খুদে ক্রিকেটারদের জন্য অনেক শুভকামনা।