ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আস্থাশীল।’
শুক্রবার ঈশ্বরদীর ফরাজী পাড়াস্থ সাঁড়া গোপালপুর হযরত আবু হুরায়রা (রাঃ) কওমীয়া মাদ্রাসার ছাদ ঢালাই ও ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ইসলামের বাণী নিয়ে সুদূর ইরাক থেকে এদেশে এসেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা নির্ধারণ এবং কাকরাইল মসজিদ স্থাপন করে ভ্রাতৃপ্রতিম বিশ্ব মুসলিম উম্মাহর যোগাযোগের একটি সেতুবন্ধন রচনা করেছিলেন।’
শামসুর রহমান শরীফ বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি দল অপপ্রচার রটিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুর দেশ হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ মানুষ। মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমাদের প্রধানমন্ত্রী নামাজ আদায় কখনই বাদ দেন না। তিনি তাহাজ্জুতের নামাজ আদায় করেন। ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করেন। সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ হওয়ার কারণেই আল্লাহ পাকের রহমতে শেখ হাসিনা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছেন।’
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান ডিলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
