সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভোটকেন্দ্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসি। সাংবাদিকদের পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আর পর্যবেক্ষকদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। এসবের মাধ্যমে দেশের মানুষের মনে সন্দেহের সৃষ্টি হচ্ছে। মানুষ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব ব্যক্তিকে অবাধে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন। এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও ড. গোলাম রহমান ভূইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
