বিশ্বনাথে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৭:৫৪
সিলেটের বিশ্বনাথে সুলতান মিয়া (২৮) নামের এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামে পেট্রোল পাম্পের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত সুলতান সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা পাতাইরা গ্রামের আলকাছ মিয়ার ছেলে ও বিশ্বনাথের আজিজনগরস্থ এ আর ব্রিকস ফিল্ডের ইট তৈরির কারিগর।
 
জানা গেছে, নিহত সুলতান মিয়া শুক্রবার সকাল ১০টায় সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে তার কর্মস্থল এ আর ব্রিকস ফিল্ড থেকে বের হন। শনিবার সকালে কর্মস্থলে এসে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার ভোরে রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে বিশ্বনাথ-রামপাশা রোডের ওপর একটি মস্তকবিহীন লাশ ও সড়কের পাশের ঝুপের মধ্যে লাশের মাথা দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
 
এ সময় ব্রিকস্ ফিল্ডের শ্রমিকরা লাশটি ব্রিকস্ ফিল্ডের ইট তৈরির কারিগর সুলতান মিয়ার বলে সনাক্ত করেন।
 
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ধারণা করা হচ্ছে সুলতান মিয়াকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/বিএএফ