মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণবাদী আচরণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত আলাপে অন্তত চারবার প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছেই বর্ণবাদী মন্তব্য করেছেন। খবর সিএনএনের
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাত্কারে কোহেন বলেন, কৃষ্ণাঙ্গদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছেন। শুক্রবার কোহেনের সাক্ষাত্কার প্রকাশিত হয়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আফ্রিকান-আমেরিকান ভোটারদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়। কোহেন ট্রাম্পকে বলেন, টেলিভিশনে সমাবেশ সাধারণ মানের দেখাচ্ছে।
ট্রাম্প উত্তরে বলেন, এর কারণ কৃষ্ণাঙ্গরা খুবই নির্বোধ এবং তারা আমাকে ভোট দেয় না। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা যখন মারা যান তখন ট্রাম্প বলেছিলেন, একটা দেশের নাম বলো যেটি কৃষ্ণাঙ্গ কোনো নেতা চালায়। এরপর ট্রাম্প বলেন, আচ্ছা একটা শহরের নামই বলো। কোহেন জানান, তারা দু’জন ২০০০ সালে শিকাগো সফরে যাচ্ছিলেন। আমরা বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলাম। আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম যার আশপাশের পরিবেশ ভালো ছিল না।
তখন ট্রাম্প বলেন, এরকম পরিবেশে কেবল কৃষ্ণাঙ্গরাই বাস করতে পারে। এছাড়া একটা টিভি অনুষ্ঠানে কৃষ্ণাঙ্গদের অংশগ্রহণ নিয়েও নেতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। ওই সময় ট্রাম্পের সংগঠন থেকে পদত্যাগ না করায় দু:খ প্রকাশ করেন কোহেন। সিএনএন কোহেনের একজন ঘনিষ্ঠের সঙ্গে আলাপ করে তথ্যের সত্যতা পেয়েছে। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইত্তেফাক/আরকেজি
