হবিগঞ্জে আধুনিক স্টেডিয়ামের সামনে আবর্জনার স্তূপ!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০১

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে সড়কের দুই পাশে পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। প্রতিদিনই বর্জ্য ফেলার কারণে এখানে ময়লা-আবর্জনার স্তূপ হয়ে গেছে। এতে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, গত ২ বছর ধরে পৌরসভার বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল-রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্লিনিকের বর্জ্য সংগ্রহ করে এনে এখানে ফেলা হচ্ছে। ফলে ওই সড়ক দিয়ে পার্শ্ববর্তী বৃন্দাবন সরকারি কলেজ, দি রোজেস কেজি স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে।

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সাথে কথা বললে তিনি জানান, বানিয়াচং উপজেলার আতুকুড়া মৌজায় দুই একর বিশ শতক জমি পৌরসভার ময়লা ফেলার ডাম্পিং স্পট হিসাবে ক্রয় করা হয়েছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের আপত্তির কারণে ওই ভূমির দখল না পাওয়ায় আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা ফেলতে হচ্ছে।

তিনি জানান, চাহিদামতো ভূমি পাওয়া গেলে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য রি-সাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি এ সমস্যা সমাধানের জন্য স্থানীয়দের সহায়তা কামনা করেন।