ইত্তেফাক রিপোর্ট
বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ এ (রুমী) আলী। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ২০ এপ্রিল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রুমী আলীকে মনোনীত করেছে। রুমী আলী তার বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, বোর্ড সদস্য এবং চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে তিনি এএনজেড গ্রিনডলেজ ব্যাংক (বাংলাদেশ) এর সঙ্গে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাংকটির বাংলাদেশ অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০০ সালে ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ কর্তৃক অধিগ্রহণের পর তিনি ব্যাংক দুইটির যৌথ কার্যক্রমেরও প্রথম সিইও নির্বাচিত হন। ২০০২ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে যোগ দেন।
রুমী আলী ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশের ফেলো হন। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও হিসেবে নিয়োজিত রয়েছেন।
