‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:২২

কবি লিখেছেন, ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’। মানবসভ্যতার সুদীর্ঘ ইতিহাসের সাক্ষ্যও ভিন্ন নয়। বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটে এ বিষয়ে টেলিফোন ও ই-মেইলে পাঠকের দেওয়া মতামত আজ প্রকাশিত হলো

জ্ঞানের আলোক স্পর্শে আত্মার দুয়ার উন্মুক্ত না হলে জৈব প্রবৃত্তিকে দমন ও সত্যকে চেনা অসম্ভব। যে শিক্ষায় মানুষের মনুষ্যত্ব, মূল্যবোধ, মানবতা ও বিবেকসৃষ্ট জ্ঞান অনুপস্থিত, সে শিক্ষার দ্বারা মানব তৈরির পরিবর্তে দানব তৈরি হয়। রুমি বলেছেন, চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে তার জ্ঞান, গৌরব ও আভিজাত্যের শক্তি সবই বৃথা। বিবেকসৃষ্ট জ্ঞানই জৈব প্রবৃত্তিকে দমন ও সত্যকে চেনার শিক্ষা দেয়, যার মাধ্যমে দানব পরিণত হতে পারে মানবে।

মুহাম্মদ আবুল কালাম আজাদ

সর্দার পাড়া, মুন্সীগঞ্জ

মানব সভ্যতা বিকাশের আগে দানবের কার্যকলাপ ছিল সর্বত্র এবং বিস্তারিত। সভ্যতা বিকাশের পর তাই দানবীয়তা বিচিত্রমুখী, বহুমাত্রিক এবং নৃশংস এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বর্তমান যুগে মানুষ শিক্ষিত, সভ্য এবং মানবিক কার্যগুলোর সঙ্গে ব্যাপকভাবে জড়িত হলেও দানবের কার্যক্রম বন্ধ হয়নি। বিভিন্নভাবে এবং গোষ্ঠীগতভাবে এ দানবীয় কার্যকলাপ চলছে। জঙ্গিবাদ এ দানবীয় কার্যকলাপের একটি নতুন রূপ। বিশ্ব আজ জঙ্গিবাদের কবলে পতিত এবং মানব জাতি আতঙ্কিত। তবে আমাদের ভরসা এটাই যে, দানবের কার্যকলাপের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা সবসময় আড়ালে এবং আত্মগোপন করে থাকে। এজন্য আতঙ্কিত হলেও আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সম্মিলিত শুভশক্তির কাছে অপশক্তি অবশ্যই নির্মূল হবে। আমরা দানবমুক্ত বিশ্ব দেখার অপেক্ষায় রইলাম।

মাখরাজ খান

সাটুরিয়া, মানিকগঞ্জ

মানুষ সৃষ্টির সেরা জীব। আর এই মানুষের বসবাসের জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। কতগুলো মানুষরূপী পশু, হত্যা, নির্যাতন ও নিপীড়নকারীর জন্য দেশে-বিদেশে আজ মানুষের বুকফাটা কান্না আর আর্তনাদ। কিন্তু এ পৃথিবী দানবের জন্য নয়।

সালেহা আফরিন বেবী

শিবগঞ্জ, সিলেট

পৃথিবীর যত অনন্য সৃষ্টি, সব কিছু মানুষের কল্যাণেই সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু মানুষ যখন নিজ ক্ষমতা আর মনোবৃত্তির অপব্যবহার করতে শিখল, তখন থেকে তারা স্রষ্টার সৃষ্টিকেও বিনষ্ট করতে লাগল। অধিকাংশ ধর্মাবলম্বীই, স্বীয় স্রষ্টার আনুকূল্য পাবার লক্ষ্যে তাঁর উপাসনা এবং সৃষ্টির কল্যাণ সাধন করার প্রচেষ্টা অবাহত রাখছে। সত্য-সুন্দর আর মানব কল্যাণের শাশ্বত বাণীই পৃথিবীর বুকে চিরস্থায়ী। তাই, যারা এ অশান্তির পথকে বেছে নিয়েছে, তাদের ভুল একদিন ভাঙবেই! মানুষের জীবন নিয়ে কবির লেখা, ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’ একদিন সত্য হয়ে ধরা দিবে।

সুমিত বণিক

জনস্বাস্থ্যকর্মী, মহাখালী, ঢাকা

রোহিঙ্গারা নির্মমভাবে নির্যাতিত হয়ে আশ্রয় নিয়েছে আমাদের বাংলাদেশে; কিন্তু এখন পর্যন্ত তাদের ফিরিয়ে নিয়ে যাবার কোনো লক্ষণ নেই! একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে আবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তার পরও আমরা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। পৃথিবীর সকল দানবের পরাজয় হোক, এটাই আমাদের একান্ত চাওয়া।

মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর,

দিনাজপুর

একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জাতিসংঘ গঠন করা হয়েছিল। কথা ছিল সেখানে উন্নত, অনুন্নত, ধনী, গরিব সব রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের কথা বলতে পারবে। কিন্তু নিরাপত্তা পরিষদ গঠন করে জাতিসংঘের মূল শক্তিকে নষ্ট করা হয়েছে। যার ফলে কোনো কোনো রাষ্ট্র জাতিসংঘকে পাশ কাটিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। উন্নয়নশীল দেশগুলো এর ফল ভোগ করছে। এ অবস্থার মধ্যেও আমরা একটি সুন্দর পৃথিবী এবং সুন্দর জীবন কল্পনা করছি। ‘মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়’ মন্ত্রকে সামনে রখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি।

মোছা. বিলকিছ আক্তার

সরকারি ম্যাটস

কবির ভাষায় আমরা যতই বলি ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’ এই সত্যকে ম্লান করে দিয়ে দানবীয় শক্তির উত্থান বিশ্বের শান্তি বিঘ্নিত করছে। মানবতার কথা যারা বলে, তাদের সুন্দর চেহারার আড়ালে দানবতার বহিঃপ্রকাশের মাধ্যমে বিশ্বের সকল ধর্মের  নিরীহ মানুষের রক্তবন্যা প্রবাহিত হচ্ছে প্রতিয়িত।  

মোহাম্মদ শহীদউল্যা

হক ভিলা, মেরাদিয়া, ঢাকা

এই পৃথিবীতে যা কিছু শুভ ও কল্যাণদায়ী, সে সব কিছুই সম্ভব হয়েছে মহামানবদের কঠোর ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমের ফলে। কিন্তু মানবরূপী দানবদের জন্য এই পৃথিবী না। তারা কল্যাণসাধন তো কিছুই করে না, বরং কীভাবে অকল্যাণ, অশুভ আর ক্ষতিসাধন করা যায়, সেই চিন্তাতেই ব্যতিব্যস্ত।

সুদীপ্ত বালা (অনন)

বি.এসসি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মানব সভ্যতার জগতে এখন মানব নামের দানবের কাছে পৃথিবী এখন করতলগত হচ্ছে। তথাকথিত দানবদের কাছেই মানব সভ্যতা দিন দিন লোপ পেতে বসেছে। দানবরূপী খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অগ্রাসন সারাবিশ্বকে কুক্ষিগত করে বিশ্বের মানব জীবনকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য দানবদের ধ্বংস করতে বিশ্ববাসীকে এক হতে হবে।

শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন হিরো

কালিহাতি , টাঙ্গাইল

এই সুন্দর পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, অথচ এই শ্রেষ্ঠ মানবমুখী দানবের এই সৌন্দর্যতাকে বিনষ্ট করার জন্য অস্থির হয়ে উঠেছেন। সুতরাং এই মানবমুখী দানবের স্থান এ পৃথিবীতে হতে পারে না।

নাসরিন সুলতানা শেলী

মালিবাগ, ঢাকা

মানব সভ্যতার আদিকাল থেকেই পৃথিবীতে দানবের আবির্ভাব ঘটেছে। তারা বারবার বিভিন্ন ধ্বংসের মাধ্যমে তাদের আদিপত্য বিস্তারে চেষ্টা চালিয়ে আসছে। এখনও করছে। কিন্তু প্রতিবারই তারা মানবতার কাছে পরাজিত হয়েছে। পৃথিবীতের মানবতা এখন লুপ্তপ্রায়। মানবতাকে সমুন্নত রাখার জন্য সমগ্র বিশ্বের ভূমিকা রাখা একান্ত জরুরি।

মুহাম্মদ ইসলাম

পুরানা পল্টন, ঢাকা

মানব না দানব, এখন মানুষের জন্য, মানুষ কি পারে না এতটুকু সহানুভূতি দেখাতে? আজকে আমরা দেখছি নিউজিল্যান্ডে মসজিদে হামলা, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা, বাংলাদেশে নুসরাতের গায়ে আগুন  দিয়ে পুড়িয়ে মারা—এরা মানুষ? নাকি দানব?

খন্দকার কামরুজ্জামান

উত্তর পীরেরবাগ ঢাকা

মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়—ঐ কবি যদি আজ লিখতেন তবে তিনি লিখতেন দানবের তরে মাটির পৃথিবী মানবের তরে নয়। বর্তমান মানব সভ্যতা যে হারে আচার আচরণ স্বাভাব-চরিত্র, কথা-বার্তা পরিবর্তন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ডা. জামিল রহমান

গোপালপুর, টাঙ্গাইল

সন্ত্রাসীরা যেই গোষ্ঠীর হোক না কেন তারা মানবতার শত্রু। তারা যে কোনো রাষ্ট্রের বা জাতি-গোষ্ঠীর কাছে ঘৃণিত। এদের শুরুতেই প্রতিহত করতে না পারলে ক্রমে অশান্তির ও দানবের স্থান তৈরি হতে পারে।

মো. সিকান্দার আলী সাগর

শান্তিনগর, ঢাকা

এই জগতে শক্তিধরেরা যদি সব সময় মারতে থাকে তাহলে দুর্বলের অবস্থা কী হতে পারে তা বুঝতে হবে। এরা দানব মুখোশধারী মানব। আমাদের পবিত্র ধর্মেই উল্লেখ করে বলা হয়েছে, মানবজাতির জীবন-মরণ, মান-সম্মান সবকিছুই হচ্ছে মহান সৃষ্টিকর্তার পবিত্র আমানত। সুতরাং মানবের তরে মাটির পৃথিবী দানবের স্থান নয়—এটাই সত্য।

সুলতানা জামান

মানিকনগর, ঢাকা

এই মাটির পৃথিবীর সুরক্ষার দায়িত্ব কিন্তু এই মানবের। কিন্তু দানববেশী মানবেরা আজকাল তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই সুন্দর পৃথিবীটাকে বিনষ্ট করে চলেছে। এদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। তাই আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে চিরতরে এদের নির্মূল করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসি।

আলহাজ মো. হাফিজুল ইসলাম

২নং সেক্টর, রাজশাহী

‘এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারই মেহেরবাণী’—সত্যি মহান আল্লাহপাক আমাদের মানুষের জন্য কতো কিছু দিয়েছেন। অথচ আমরা মানুষ তার কৃপায় ধন্য হই না। শুধু মানুষের ক্ষতির চেষ্টায় উঠেপড়ে লেগে থাকি। হয়ে উঠি দানবমুখী মানুষ। এ ধরনের মন-মানসিকতা ত্যাগ করতে হবে। মনেপ্রাণে ভালোবাসা সৌন্দর্যপূর্ণ ও সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

সুগন্ধী আক্তার

মতিঝিল, ঢাকা

এই সুন্দর পৃথিবী আলো, বাতাস, নদীর পানি প্রবাহ কলকাকলি, সুন্দর ফুল, সুন্দর ফল ইত্যাদি সবকিছুই মানবের জন্য সৃষ্টি করেছেন। দানবের জন্য নয়। যেহেতু মানব সভ্যতার বহু আগে থেকেই এর সাক্ষী রয়েছে, সুতরাং দানবের কোনো স্থান নেই মানবের তরে মাটির পৃথিবী নির্মাণ করেছেন বিশ্ব বিধাতা।

আইরিন সুলতানা

ধুপপুল, মাইজপাড়া, চট্টগ্রাম

মানুষ এই বিশ্বপ্রকৃতির একটি অনেক বড় অংশ। অন্যান্য প্রাণীর মতোই মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। শক্তিশালীরা ভীষণ শক্তি ব্যবহার করে দুর্বলেরা যাতে না টিকে থাকতে পারে। সেজন্য তারা অনেক চেষ্টা করে থাকেন।

মোঃ খায়রুল ইসলাম (ফুল)

আরাপপুর, ঝিনাইদহ

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আর সেই মানুষই কিনা ঘূর্ণিত দানবের আসনে! কি হচ্ছে পৃথিবীতে? ক্ষমতার দাপটে আর অর্থ সম্পদের লোভে চলছে অমানবিক পাপের মিছিল। আসুন, আমরা সবাই বিবেকবান সত্ মানুষ হই, এই পৃথিবীকে গড়ে তুলি মানব সভ্যতার শান্তিময় স্রষ্টার নামে।

মোহাম্মদ আবদুর নাছিম

চান্দাইকোনা, রায়গঞ্জ,

সিরাজগঞ্জ