টাঙ্গাইল জেলা বাংলাদেশের একটি জনবহুল এবং ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। জেলাটি একদিকে ঢাকার অদূরে, অন্যদিকে বলা চলে উত্তর বঙ্গের প্রায় সবগুলো জেলার জনসাধারণের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের প্রধান প্রবেশদ্বার। টাঙ্গাইলের তাঁতের শাড়ি, আনারস ও চমচম ব্রিটিশ আমল থেকেই জগদ্বিখ্যাত। সেই ব্রিটিশ শাসনামল থেকে টাঙ্গাইল জেলা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে যাত্রা শুরু করলেও এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনেকটা পিছিয়ে আছে। তবে এই জেলা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সম্ভাবনাময় জেলা। তাই এখানে একটি অর্থনৈতিক জোন অথবা ইপিজেড স্থাপন করা একান্ত প্রয়োজন। টাঙ্গাইল জেলার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই যমুনা নদীতে অভ্যন্তরীণ নৌবন্দর স্থাপন করে পণ্য আনা-নেওয়ার কাজ করা যেতে পারে। কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য টাঙ্গাইল জেলাবাসীর যৌক্তিক দাবি অর্থনৈতিক জোন অথবা ইপিজেড। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ হেলালুজ্জামান
কুমারজানী, পুটিয়াজানীবাজার, দেলদুয়ার, টাঙ্গাইল
