দেশের উত্তর-পশ্চিমের জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর বরাবরই অবহেলিত। মহানন্দা নদীর পাশে অবস্থিত এই জেলা শহরটি চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মানুষের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। কিন্তু পরিতাপের বিষয় এই যে, সাম্প্রতিক সময়ে দৃশ্যমান কিছু উন্নতি হলেও এই শহরে কোনো বিনোদনকেন্দ্র নেই। যা প্রথম শ্রেণির একটি পৌরসভার নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়। শহরের যান্ত্রিক জীবন শেষে সপ্তাহিক ছুটির দিনে কর্মজীবী মানুষেরা একটু শান্তির আশায় মহানন্দা নদীর পাড়ে ঘুরতে গেলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে এবং নিরাপত্তাহীনতার কারণে নারী-পুরুষ নির্বিশেষে কঙ্ক্ষিত আনন্দটুকু উপভোগ করতে পারে না। তাই এই শহরের কর্মজীবী মানুষ ও শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে অবিলম্বে মহানন্দা নদীকে কেন্দ্র করে একটি বিনোদনকেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুল্লাহ আল বারী শাকিল
শিক্ষার্থী, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
