দেশ ভ্রমণে সেঞ্চুরি করলেন আসমা!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৮
বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে দেশ ভ্রমণে সেঞ্চুরি করলেন কাজী আসমা আজমেরী। গত সপ্তাহে তুর্কমেনিস্তানের মাটিতে পা দিয়ে শততম দেশ সফরের আশা পূরণ করে রেকর্ড সৃষ্টি করলেন তিনি।
 
বিশ্ব পরিব্রাজক আসমা ইত্তেফাককে টেলিফোনে জানান, বাংলাদেশি এই পাসপোর্ট আমার গৌরব, এই পাসপোর্ট আমার পতাকা। যা বহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের মেয়ে। বাংলাদেশি মেয়েরা তো আর পিছিয়ে নেই।
 
দুই মাস আগে কানাডা সফরকালে আসমা বলেন, টরন্টো এসেই জানতে পারলাম, আমার মতো আরেক বাংলাদেশি মেয়ে ডলি বেগম অন্টারিও পার্লামেন্টের সাংসদ হয়েছেন!
 
খুলনার মেয়ে আসমা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে ২০০৮ সালে থাইল্যান্ড ভ্রমণের মধ্য দিয়ে দেশ ভ্রমণ শুরু করেন। তারপর দীর্ঘ দশ বছর দীর্ঘ যাত্রার পর ভ্রমণ সেঞ্চুরির স্বপ্ন বাস্তবে পরিণত হলো।
IMG0
আসমা জানান, তপ্ত মরুপথে হাঁটা থেকে শুরু করে ঠাণ্ডা বরফে দেশে কিংবা নীল সাগরের পাড় থেকে সবুজ পাহাড়ের চূড়ায় অথবা গভীর অরণ্য থেকে হারিয়ে যাওয়া কোনো অচেনা গ্রামের গল্পের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখবেন তিনি।
 
উল্লেখ্য, তুর্কমেনিস্তান যাওয়ার আগে আজারবাইজান গেলে রাষ্ট্রদূত মসুদ মান্নান তাকে আন্তরিক স্বাগত জানান। দূতাবাস আয়োজিত বাংলাদেশ উন্নয়ন বিষয়ক বিশেষ আলোচনায় কাজী আসমা বিশেষ অতিথি হিসেবে দেশের নানান অগ্রগতির কথা বিদেশি অতিথিদের সামনে উপস্থাপন করেন।
 
ইত্তেফাক/বিএএফ